বাংলাবান্ধা ডিবি পরিচয়ে এক যুবককে তুলে নেওয়ার অভিযোগ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ২৬, ২০২৪, ৭:৪৫ অপরাহ্ন /
বাংলাবান্ধা ডিবি পরিচয়ে এক যুবককে তুলে নেওয়ার অভিযোগ

পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম!

বাংলাবান্ধা সাদা পোশাকে ডিবি পরিচয়ে যুবককে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।এর পর ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত সাগরের খোঁজ মেলেনি। পুলিশের দাবি, তাদের কেউ এমন কাউকে গ্রেপ্তার বা আটক করেনি। এ ঘটনায় সাগরের পরিবার তেঁতুলিয়া থানায় জিডি করেছে।

স্থানীয়রা জানান, সাগর আগে পাথরের ব্যবসা ও গাড়িচালকের কাজ করতেন। তবে কয়েক মাস ধরে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় শ্যামলী পরিবহনের একটি কাউন্টারে বুকিং সহযোগী হিসেবে কাজ করছিলেন। শনিবার সকালে একটি মাইক্রোবাসে সাদা পোশাকের কয়েকজন যুবক এসে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে সাগরকে তুলে নিয়ে যায়। এ সময় ওই যুবকদের হাতে অস্ত্র ও ওয়াকিটকি ছিল। কিন্তু পরে জেলা পুলিশ এমন কাউকে গ্রেপ্তার বা আটক করেনি বলে নিশ্চিত হয় সাগরের পরিবার। যারা সাগরকে তুলে নিয়ে গেছে, সেই যুবকরা বাংলাবান্ধার ধানসিঁড়ি ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে উঠেছিল বলে পুলিশ জানতে পেরেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

সাগরের বাবা মহসিন আলী বলেন, আমার ছেলেকে আইনের লোক পরিচয় দিয়ে তুলে নিয়ে গেছে। তবে পুলিশ বলছে, তারা এমন কাউকে আটক করেনি। আমার ছেলের সঙ্গে কী হচ্ছে, জানি না। আমরা আতঙ্কে আছি। আমার ছেলেকে উদ্ধারের ব্যবস্থা করুন।ধানসিঁড়ি হোটেলের ম্যানেজার হাসিবুর রহমান বলেন, আমাদের হোটেলে আটজন তিনটি রুম বুকিং দিয়ে অবস্থান করেছিল। তাদের কাছে পিস্তল ও ওয়াকিটকি ছিল। তারা যে এনআইডি দিয়ে বুকিং দিয়েছিল, সেটির ঠিকানা রাজবাড়ি এলাকার। আমরা পুলিশকে সিসিটিভির ফুটেজ ও তথ্য দিয়েছি।পঞ্চগড় ডিবি পুলিশের পরিদর্শক মোজাফফর হোসেন বলেন, আমাদের কেউ এমন কাউকে আটক বা গ্রেপ্তার করেনি। তবে এ বিষয়ে পুলিশ কাজ করছে। এব্যাপারে
তেঁতুলিয়া থানার ওসি সুজয় কুমার রায় বলেন, পুলিশ পরিচয়ে যুবককে তুলে নেওয়ার ঘটনায় জিডি হয়েছে। আমরা বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে দেখা হচ্ছে।