বিএনপিকে ক্ষমা চাইতে হবে- এমপি হানিফ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জুন ৪, ২০২২, ১১:১৪ অপরাহ্ন /
বিএনপিকে ক্ষমা চাইতে হবে- এমপি  হানিফ

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।

‘৭৫’র হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’ শ্লোগানের জন্য বিএনপিকে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

শনিবার (৪ জুন)দুপুরে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে আয়োজিত সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে হানিফ এ মন্তব্য করেন।
হানিফ বলেন, জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধু খুনের অন্যতম চক্রান্তকারী। তাই বঙ্গবন্ধুকে হত্যার পর তিনি খুনীদের পুরস্কৃত করেছিল। বিচারের বদলে চাকরি দিয়েছি বিভিন্ন দূতাবাসে। হানিফ প্রশ্ন রাখেন, যদি জিয়াউর রহমান হত্যাকান্ডের সাথে জড়িত না থাকতো তা হলে কেন খুনীদের পুরস্কৃত করার পাশাপাশি আইন জারি করে বিচার কাজ বন্ধ রেখেছিল। এর থেকেই প্রমান হয় জিয়াউর রহমান হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত।
মাহবুবউল আলম হানিফ আরো বলেন, আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কখনো টালবাহানা করেনি করবেও না। সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের কোন সুযোগ নেই। সংবিধানের আলোকেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, বর্তমান শেখ হাসিনা সরকার বিগত কয়েক বছরে দেশে যে উন্নয়ন কর্মকান্ড করেছেন তা আগামী ১’শ বছরেও কোন সরকার করতে পারবে না। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণেই বর্তমানে দেশে এখন মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮৬০ মার্কিন ডলার। বিএনপি সরকার থাকাকালীন কোন উল্লেখযোগ্য উন্নয়ন করেছেন তাও জানার জন্য প্রশ্ন রাখেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি জামাত জোট যত বার দেশের ক্ষমতায় এসেছে দেশকে পিছনের দিকে টেলে দিয়েছে। তাই আওয়ামী লীগকে আন্দোলন সংগ্রামের ভয় না দেখিয়ে বিএনপিকে জনগণের আস্থা অর্জন করার পরামর্শ দেন হানিফ। বিএনপি এখন একটি জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তাই সরকারের উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্থ করতে তারা উঠেপরে লেগেছে। যারা সরকারের উন্নয়ন কর্মকান্ড বাধা গ্রস্থ করতে চায় তাদেরকে উচিত শিক্ষা দেয়া হবে।
সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ মোতালিব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, সদস্য আজিজুস সামাদ আজাদ জন, গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি।
সম্মেলনের উদ্বোধন করেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী।
সম্মেলনের ২য় পর্বে এমএ মোতালিবকে সভাপতি ও আব্দুর রহমানকে সধারণ সম্পাদক করে সদর উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।