পুলিশের তল্লাসীতে আসামীদের বাড়ি থেকে দেশি অস্ত্র উদ্ধার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ১৭, ২০২২, ১১:৪৬ পূর্বাহ্ন /
পুলিশের তল্লাসীতে আসামীদের বাড়ি থেকে দেশি অস্ত্র উদ্ধার

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

তেঁতুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের হামলার ঘটনায় আইয়ুব আলী (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আইয়ুব আলীর বাড়ি উপজেলার তিরনইহাট ইউনিয়নের দগর বাড়ি গ্রামে। সে ওই এলাকার মৃত সালে খা’র পুত্র। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার (১৫ মে) রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ৪ মে বিকেলে দগর বাড়ি গ্রামে আইয়ুব আলীর পরিবারের উপর প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে ১০ জন গুরুতর আহন হন। হামলার ১১দিন পর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেলেন তিনি।

এ ঘটনায় এক মুক্তিযোদ্ধাসহ ২৮ জনকে আসামী করে থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার। মামলার ১ জন আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। আইয়ুব আলীর মৃত্যুর পর ওই দিন রাতেই মামলার ৬ নং আসামী মুক্তিযোদ্ধা আকবর আলীর বাড়িতে তল্লাসী চালিয়েছে মডেল থানা পুলিশ।

এসময় কয়েকটি ধারালো ছুরি, বল্লমসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করে। পুলিশের ধারনা এসব অস্ত্র দিয়েই হত্যার উদ্দেশ্যে ওই হামলা চালানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তপন কুমার এই অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আমরা একজন আসামীকে গ্রেফতার করেছি। অন্য আসামীদের গ্রেফতারের অভিযান চলছে। তবে ওই এলাকার আইয়ুব আলী মৃত্যুর পর আমরা গোপনে জানতে পারি বীর মুক্তিযোদ্ধার বাড়িতে মামলার নুর ইসলামসহ অন্য আসামীরা আশ্রয় রয়েছে। তাতে ওই বাড়ি তল্লাসী করি রামদা (চা বাগানে ব্যবহৃত) অস্ত্র পেয়েছি।