যশোরের মণিরামপুরের মাছের ঘের থেকে এক মুদি দোকানদারের লাশ উদ্ধার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ২০, ২০২২, ১২:৩০ পূর্বাহ্ন /
যশোরের মণিরামপুরের মাছের ঘের থেকে এক মুদি দোকানদারের লাশ উদ্ধার

আঃজলিল, স্টাফ রিপোর্টার

যশোরের মণিরামপুরে মাছের ঘের থেকে বিল্লাল হোসেন (৪০) নামে এক মুদি দোকানদারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার লক্ষ্মণপুর এলাকার উজ্জ্বলের ঘেরের পানি থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে মনিপুর থানা পুলিশ।

বিল্লাল হোসেন লক্ষ্মণপুর গ্রামের আব্দুল সরদারের ছেলে। সে নেংগুড়াহাট বাজারে মুদি দোকানীর ব্যবসায়ী ছিলেন।

পুলিশসহ স্থানীয়রা জানান, ব্যবসা করতে যেয়ে অনেক ঋণ করেন বিল্লাল। এ নিয়ে স্ত্রী আমেনা খাতুনের সাথে তার প্রায় ঝগড়া হতো। শুক্রবার (১৮ মার্চ) বিকেলে স্ত্রীর সাথে ফের ঝগড়া হয় বিল্লালের। এরপর তিনি দোকানে চলে যান। রাতে সেখান থেকে আর ফেরেননি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শনিবার বিকেলে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে উজ্জ্বলের ঘেরে স্বামীর ভাসমান লাশ দেখতে পান আমেনা।

স্থানীয়দের ধারণা বিষপানে বিল্লাল আত্মহত্যা করেছেন। বিষ খাওয়ার পর তিনি ঘেরের পাড়ে বমি করেন। সে বমি খেয়ে একটি শালিখ পাখি মারা গেছে। ঘেরের পাড়ে পাখিটিকে মৃত পড়ে থাকতে দেখা গেছে।

রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) লিটন মিয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শনিবার সন্ধ্যায় বিল্লাল হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর এটা বলা যাবে যে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।