বড়লেখায় ছাত্রদল-নিষিদ্ধ ছাত্রলীগ সংঘর্ষ, আহত অন্তত ১০


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৬, ১:১৪ অপরাহ্ন /
বড়লেখায় ছাত্রদল-নিষিদ্ধ ছাত্রলীগ সংঘর্ষ, আহত অন্তত ১০

বড়লেখা উপজেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রদল ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ইফতারের পর বড়লেখা পৌরসভার পাখিয়ালা এলাকায় এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদল নেতা সোনাম আহমেদের ছোট ভাইয়ের সঙ্গে ছাত্রলীগ নেতা তাহসান রফিক সাম্যর পূর্ব বিরোধ ছিল। মঙ্গলবার সন্ধ্যায় এ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে আহত ছাত্রদল নেতাদের মধ্যে রয়েছেন বড়লেখা পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান, তৌফিকুর রহমান ফাহিম, হোসাইন আহমদ ও ফাহিম আহমদ। তারা বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে আহত নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সেক্রেটারি তাওহিদুল ইসলাম ফরহাদ, রিহান আহমদ, শুভ, সাম্য ও রিয়াদের নাম জানা গেছে। তারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।